Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কিশোরের সাপ নিয়ে খেলা, সেই সাপের কামড়েই মৃত্যু

ওই কিশোর সাপ ধরে টিফিন বাটিতে আটকে রাখে, এরপর সাপ নিয়ে খেলা শুরু করে

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম

ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে গিয়ে ওই সাপের কামড়ে প্রাণ গেছে মাহফুজুর রহমান (১৬) নামের এক কিশোরের।

মঙ্গলবার (১ জুলাই) রাতে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালীর কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাহফুজুর রহমান ওই গ্রামের মতিয়ার রহমান মতির একমাত্র ছেলে।

মাহফুজের বন্ধু সোহান জানান, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে কাছের তালগাছ থেকে গত সোমবার বিকেলে মাহফুজ একটি সাপ ধরে টিফিন বাটিতে করে আটকে রাখে। পরদিন মঙ্গলবার দুপুরে ওই তালগাছের কাছে গিয়ে সাপ নিয়ে খেলা করার সময় দুপুর ১টার দিকে তার হাতে সাপ ছোবল দেয়। প্রথমে নিজেই গাছের পাতা দিয়ে সাপের কামড়ের স্থানে ঘষতে থাকে। এক পর্যায়ে নিজেই মুখ দিয়ে সাপের বিষ তুলতে চেষ্টা করে। এসময় সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।

মাহফুজের শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানের জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা কিশোরের মৃত্যু নিশ্চিত করে বলেন, “নিজের সামান্য ভুলের কারণে এই মৃত্যু। সাপ নিয়ে কখনও খেলা করা উচিত না।”

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাত আরা বলেন, “মঙ্গলবার বিকেলের দিকে সাপে কামড়ের অনেক পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হলে ঐ কিশোরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।”

এদিকে, বুধবার (২ জুলাই) সকালে মহাফুজের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

প্রতিবেশি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে মাহফুজের মরদেহ গ্রামের বাড়িতে নিলে এলে তার মা, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়েন।

   

About

Popular Links

x