Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিইসি: নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকাতে কানাডার সহায়তা চেয়েছে ইসি

‘গত ৩ নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হবে না’

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে কানাডার সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং  আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সিইসি এ বিষয়ে সহযোগিতা চান। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা জানান।

নাসির উদ্দিন জানান, এআইয়ের অপব্যবহার রোধে কী করা যায়, সে বিষয়ে তিনি কানাডার সহায়তা চেয়েছেন। কারণ, সম্প্রতি কানাডায় নির্বাচন হয়েছে। তাদের এই বিষয়টি মোকাবিলা করতে হয়েছে। এ বিষয়ে তাদের অভিজ্ঞতা আছে।

তিনি বলেন, “কানাডা চায়, এখানে যেন একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হয়। তারা নারী ভোটারের অন্তর্ভুক্তি ও পার্বত্য এলাকায় ভোটার সচেতনতা কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছে।”

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “যেসব বিদেশি পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনকে বিশ্বাসযোগ্য বলে ‘সার্টিফিকেট’ দিয়েছিল, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হবে না।”

নাসির উদ্দিন বলেন, “যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচন খুব সুন্দর নির্বাচন হয়েছে সার্টিফিকেট দিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদের কি আমাদের নেওয়া উচিত? আমরা দেখেশুনেই নেব। যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল ও বিভিন্ন দেশে নির্বাচন অবজারভ করেছে, তাদের নেব। তিনটা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, তাদের কোনোমতেই নয়।”

   

About

Popular Links

x