Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

২৪ ঘণ্টায় ট্রাম্প-নেতানিয়াহুর দুবার বৈঠক, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

দ্বিতীয় দফায় প্রায় দুই ঘণ্টা সময় কথা বলেন তারা

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০২:৫৮ পিএম

গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই বার বৈঠক করলেন তারা। এই বৈঠক সংবাদমাধ্যমের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল না। প্রায় দুই ঘণ্টা ধরে এই বৈঠকটি চলে।

বুধবার (৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের মধ্যপ্রাচ্যের দূত স্টিভ উইটকফ ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি বিষয়ে একমত হওয়ার পরামর্শ দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রী যেদিন হোয়াইট হাউসে অনির্ধারিত আলোচনায় বসলেন, সেদিনও গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার নেতানিয়াহু মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেন। সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় তিনি ট্রাম্পের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে বৈঠক করেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতায় আসার পর এটি নেতানিয়াহুর তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর।

বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, তিনি বিশ্বাস করেন না যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শেষ হয়েছে, তবে আলোচকরা যুদ্ধবিরতির জন্য কাজ করে যাচ্ছেন।

গাজায় চলমান পরিস্থিতিকে ‘‘ট্র্যাজেডি’’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘‘আমাদের এটার (গাজা সংকট) সমাধান করতে হবে। গাজা হলো একটি ট্র্যাজেডি। তিনি (নেতানিয়াহু) এটা সমাধান করতে চান এবং আমিও এটার সমাধান করতে আগ্রহী। আমার মনে হয়, অন্য পক্ষও সেটা চায়।’’

ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনার আগে ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়ে বলেন, ‘‘এ সপ্তাহের শেষের দিকে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশা করছে ওয়াশিংটন।’’

   

About

Popular Links

x