চাঁদপুর জেলা সদরের এক মসজিদে জুমার নামাজ শেষে খতিবকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বিল্লাল হোসেনকে (৪০) ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) জেলা সদরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম মাওলানা নুরুর রহমান (৭৫)। আহত অবস্থায় উদ্ধার করে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ মিয়া বলেন, ‘‘শুক্রবার মাওলানা নুরুর রহমান জুমা শেষে মসজিদে অবস্থান করছিলেন। এ সময় মসজিদের পাশের সবজি দোকানি বিল্লালও সেখানে ছিলেন। হঠাৎ বিল্লাল একটি চাপাতি নিয়ে মাওলানা নুরুর রহমানের শরীরে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন বিল্লালকে ধরে আটক করে পুলিশের হাতে তুলে দেন।”
এ ব্যাপারে মাওলানা নুরুর রহমানের ভায়রা অলিউর রহমান বলেন, ‘‘জুমার নামাজের আগে আলোচনার সময় বিল্লাল হোসেন বাধার সৃষ্টি করেন। এরপর নামাজ শেষে এ হামলার ঘটনা ঘটে।’’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমদ কাজল বলেন, “নূর রহমানের কানের গোড়ায় চাপাতি দিয়ে কোপ দেওয়ায় ১২টি সেলাই লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এ ঘটনায় চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘‘আমরা অভিযুক্তকে আটক করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’



