ধর্ষণের ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জয়পুরহাটে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, চেতনানাশক খাইয়ে প্রথমবার ধর্ষণের পর ভিডিও ধারণ করা হয়েছিল। এরপর সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।
সর্বশেষ শুক্রবার (১১ জুলাই) তিনি ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ করে রাতে তিনজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা করেন তিনি।
ওই মামলায় আসামিরা হলেন-আতাউর রহমান, নয়ন হোসেন ও তার স্ত্রী সালমা বেগম। তাদের মধ্যে সালমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, সালমা বেগম তার পরিচিত। দুই মাস আগে গল্প করার জন্য তাকে নিজ বাড়িতে ডেকে নেন সালমা। এ সময় তাকে ঝালমুড়ি খেতে দেন সালমা। ঝালমুড়ি খাওয়ার কিছুক্ষণ পরই তরুণী অসুস্থ হয়ে পড়েন। আতাউর রহমান নামের এক মাদক ব্যবসায়ী তখন তরুণীকে ধর্ষণ করেন। আতাউর গোপনে নিজের মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। ঘটনাটি বাইরে জানালে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়া এবং তরুণীর বাবাকে হত্যার হুমকি দেন তিনি। এই হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। লোকলজ্জার ভয়ে তিনি ঘটনাটি কাউকে জানাতে পারেননি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জনান, মামলা প্রধান আসামি আতাউর রহমান ও নয়ন হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



