৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা আগের বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে ক্যাডার পদে কর্মরত রয়েছেন, তাদের তথ্য চেয়েছে পিএসসি (সরকারি কর্ম কমিশন)।
রবিবার (১৩ জুলাই) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ জুন প্রকাশিত ফলাফল অনুযায়ী ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১,৬৯০ জন প্রার্থীকে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমাণ ৮,২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে কোনো ক্যাডার সার্ভিসে কর্মরত রয়েছেন, তাদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে গুগল ফর্ম পূরণ করে দাখিল করতে হবে।
গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এর মধ্যে সাময়িকভাবে মনোনীত ১,৬৯০ জনের মধ্যে প্রায় ৪০০ প্রার্থী একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন (রিপিট ক্যাডার)। এই ৪০০ জনের তালিকা পেয়েছে পিএসসি। এই রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এ-সংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি।
জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এই রিপিট ক্যাডারের ফলে নতুন ও অপেক্ষমাণ মেধাবীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি প্রশাসনিক কাঠামো ও জনসম্পদের সদ্ব্যবহারে বাধা সৃষ্টি করছে। এখন এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়াও একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪-এর বিধি ১৭-এর শেষে নিম্নোক্ত শর্ত যুক্ত করারও প্রস্তাব করেছে পিএসসি।



