সিলেটের কানাইঘাট উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এর আগে শনিবার রাত ৮টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক ছিলেন।
ভুক্তভোগী স্ত্রী সাবানা বেগমকে (২০) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই রাতে ১০ মাসের অন্তঃসত্ত্বা সাবানা বেগমকে শশুর বাড়ি থেকে আনতে যান হোসেন আহমদ চৌধুরী। শ্বশুর বাড়িও একই গ্রামে। শাশুড়ি এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে বাজার থেকে পেট্রোল এনে ঘুমন্ত স্ত্রীর গায়ে ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত আগুন নেভালেও তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রবিবার মৃত কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
ভুক্তভোগীর বাবা আব্দুল জব্বার জানান, বছর খানেক আগে হোসেন আহমদের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর হোসেন আহমদ বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতেই থাকতেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফখর উদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে হাসপাতালে সাবানাকে দেখতে যাই। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।”
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, “পারিবারিক বিরোধের জেরে এই হত্যাচেষ্টা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মানসিক ভারসাম্যহীন হলে সে পালাতো না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।”



