বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ২ ট্রলারসহ ভারতীয় ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। ভারতীয় ট্রলার দুটির নাম “এফবি ঝড়” ও “এফবি মঙ্গল চন্ডি-৩৮”।
সোমবার (১৪ জুলাই) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার অদূরে গভীর সাগর থেকে এই দুটি ট্রলার আটক করা হয়।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “সাগরে নিয়মিত টহল চলাকালে নৌবাহিনী তাদের জাহাজের রাডারে সন্দেহজনক দুটি মাছ ধরা ট্রলারের উপস্থিতি দেখতে পায়। এ সময় তারা ওই দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর টহলরত জাহাজ ধাওয়া করে বাংলাদেশের জলসীমায় ট্রলার দুটি আটক করে।”
ওসি আনিসুর রহমান আরও বলেন, “ট্রলার দুটিতে ভারতীয় ৩৪ জেলে রয়েছেন। তাদের মোংলায় আনা হয়েছে। নৌবাহিনী তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করে মোংলা থানায় হস্তান্তর করবে।”
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন আটক ভারতীয় জেলেরা। ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েক শ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।”



