৪ দফা দাবিতে চট্টগ্রামসহ ৫ জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে ‘‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন’’। আগামী রবিবার এই ধর্মঘট পালিত হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্যসচিব মো. হুমায়ুন কবির। চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার সব রুটে পণ্য ও গণপরিবহন চলাচল ২৪ ঘণ্টা বন্ধ রাখা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. হুমায়ুন কবির। এসময় তিনি আগামী রবিবার (২০ জুলাই) সকাল ৬টা থেকে পরদিন (২১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট পালনের জন্য পণ্য পরিবহনকারী সব যানবাহন ও গণপরিবহনের মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
তাদের চার দফা দাবি হলো- ১. ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা পরিবর্তন ও সংশোধন; ২. যানবাহনের ‘‘ইকোনমিক লাইফ’’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা; ৩. গাড়ির ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে পরিবহন সেক্টরকে জিম্মি করতে না দেওয়া; ৪. বাণিজ্যিক মোটরযানের বর্ধিত অগ্রিম আয়কর আগের মতো বহাল রাখা।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, সরকার কলকারখানাসহ বিভিন্ন শিল্পে ভর্তুকি প্রদান করলেও সড়ক পরিবহন সেক্টরে কোনো ভর্তুকি দেয় না। ইতোমধ্যে গাড়ির যন্ত্রাংশ, টায়ার, টিউবের দাম ক্ষেত্রবিশেষে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এ রকমের নাজুক অবস্থাতেও সরকার পরিবহন সেক্টরে প্রায় দ্বিগুণ আয়কর বৃদ্ধি করেছে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবি জানানো হয় এই লিখিত বক্তব্যে।



