Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন, চুক্তি স্বাক্ষর

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই সমঝোতা চুক্তিতে সই করেন

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম

ঢাকায় নতুন মিশন চালু করতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। তিন বছর মেয়াদি মিশন চালুর জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনেরের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শুক্রবার (১৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের দপ্তর।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই সমঝোতা চুক্তিতে সই করেন।

ওএইচসিএইচআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদের যুক্ততা উল্লেখযোগ্য হারে বেড়েছে। মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার এবং গণ-অভ্যুত্থানের নৃশংসতার বিরুদ্ধে একটি সমন্বিত তথ্যানুসন্ধান পরিচালনায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদ কাজ করে চলেছে।

জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মানবাধিকার সুরক্ষা যে মূল ভিত্তি, মিশন চালুর বিষয়ে এই সমঝোতা স্মারক সে বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেয়। এটি আমার দপ্তরকে আমাদের তথ্যানুসন্ধানের সুপারিশ বাস্তবায়ন ভালোভাবে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার, নাগরিক সমাজ এবং অন্য বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আমাদের অভিজ্ঞতা ও সহায়তা বিনিময়ে যুক্ত হতে সহায়তা করবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে।

ঢাকায় তিন বছরের জন্য এই মিশন স্থাপনের জন্য গত ১০ জুলাই সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। সরকারের এই উদ্যোগে “গভীর উদ্বেগ ও আশঙ্কা” প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ সে সময় ঘোষণা দেয়, বাংলাদেশে তারা জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খুলতে দেবে না।

   

About

Popular Links

x