রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নিয়ে প্রশাসনের তালবাহানার প্রতিবাদ এবং রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নে এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।
সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে “রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স” (রুসা)’র ব্যানারে এ কর্মসূচি পালন শুরু করেন তারা।
পরে তারা দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। দুপুর ২টা পর্যন্ত নিজেদের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা।
এসময় “রাকসু আমার অধিকার, না দিলে তুই গদি ছাড়”, “সব দফার এক দফা, রাকসু রাকসু”, “রাকসু রাকসু রাকসু চাই, রাকসু ছাড়া মুক্তি নাই”, “এক দফা এক দাবি, রাকসু রাকসু”, “সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও” সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।
আন্দোলনকারীদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক ও রুসা’র সংগঠক মেহেদী সজীব বলেন, “গণ-অভ্যুত্থানের এক বছর পার হয়ে গিয়েছে। যখন এই প্রশাসন দায়িত্ব নিয়েছিল, তখন আমাদের বলেছিল, পাঁচ মাসের ভেতরেই রাকসু নির্বাচন দেবে। কিন্তু দায়িত্ব নেওয়ার এক বছর পার হয়ে গেলেও, নয় দফার এক দফা, রাকসুর তফসিল এখনও দেখতে পাইনি। ২৩ জুন নির্বাচন হওয়ার কথা ছিল, পরে দেখলাম ৩০ জুন তফসিল ঘোষণার কথা। কিন্তু আজকে ২১ দিন কেটে গেল, এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। আমাদের এই দাবি না মানলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে যাব।”
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “রাকসু অবশ্যই শিক্ষার্থীদের অধিকার। গতকালকেও নির্বাচন কমিশনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা কিছু কিছু বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। সেগুলো অচিরেই কেটে যাবে। রাকসু নির্বাচন হতে দেরি হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা দ্রুত করার চেষ্টা করছি।”
অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব, সাবেক সহ-সমন্বয়ক ফাহিম রেজাসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।



