মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সিআর আবরার। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সব দাবি “মেনে নেওয়ার” আশ্বাস দেন আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) মাইলস্টোন স্কুল ও কলেজ প্রতিষ্ঠানের কয়েক শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে, সভা কক্ষের বাইরে এসে তিনি এই কথা বলেন।
ঢাকার দিয়াবাড়িতে এই শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের “প্রকৃত তথ্য” জানানো হবে বলেও জানিয়েছেন ড. আসিফ নজরুল। এছাড়া মাইলস্টোনের শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি তুলেছেন তা “যৌক্তিক” এবং সেগুলোর সঙ্গে সরকার “একমত” বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর বের হয়ে আসেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার কথা বলেন, তবে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যান। এ সময় উপদেষ্টারা আবার কলেজের ভেতরে ঢুকে যান। ৫ নম্বর ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান করতে দেখা গেছে।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও একাত্মতা প্রকাশ করেন। তারা “আমার ভাই-বোন মরলো কেন”, “আমাদের ভাই-বোনের মরদেহ লুকানো হচ্ছে কেন”, “দুর্ঘটনার এত ঘণ্টা পার হয়ে গেলোম, কেন প্রকৃত মৃতের সংখ্যা জানাচ্ছে না সরকার” ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, উপদেষ্টাদের তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সব দাবি মেনে নিয়েছেন। তবে শিক্ষার্থীরা লিখিত চান।



