ঢাকা থেকে ভুল ট্রেনে ওঠার পর টাঙ্গাইলে রেলস্টেশনে নামা নারীকে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার দুলাল চন্দ্র (২৮), সজিব খান (১৯) এবং রুপু মিয়া (২৭)। তারা পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। পরে সেখান থেকে তিনি ভুলবশত উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন। ট্রেনে উঠে তিনি ঘুমিয়ে পড়েন। পরে ঘুম ভাঙ্গলে যাত্রীদের কাছে জিজ্ঞাসা করলে টাঙ্গাইলে থাকার কথা এবং ভুল ট্রেনে ওঠার বিষয়টি বুঝতে পারেন। পরে ওই নারী রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন। এসময় ওই নারী স্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে জিআরপি পুলিশের এক সদস্য সিএনজিচালিত অটোরিকশা চালক দুলালকে ওই নারীকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলেন। এদিকে কালিহাতী উপজেলার সল্লায় একটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে চলে যায়। এসময় দুলাল ওই নারীকে প্রথমে স্টেশনের পেছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে স্টেশন-সংলগ্ন ব্রাহ্মণকুশিয়ায় রুপু মিয়ার বাড়িতে নিয়ে যান। সেখানে রুপু মিয়া ও সজিব খান তাকে গণধর্ষণ করেন।
এ ঘটনার পর ভুক্তভোগী নারী ভোরের দিকে রেলস্টেশনে গিয়ে পুলিশকে ধর্ষণের বিষয়টি জানান। তখন রেলপুলিশ টাঙ্গাইল থানাকে অবগত করলে পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালের দিকে তিনজনকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, ‘‘বিষয়টি জানার পর আমরা থানা পুলিশকে জানাই এবং আমাদের সহযোগিতায় থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।’’
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।’’



আশুলিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩