কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। ঢাকাগামী বেসরকারি এয়ার এস্ট্রার ওই উড়োজাহাজটিতে ৭২ জন যাত্রী ছিলেন।
শনিবার (২ আগস্ত) সন্ধ্যা ৭টার দিকে ঘটনা ঘটে। এতে ফ্লাইটি ছাড়তে এক ঘণ্টা দেরি হয়।
বিমানবন্দর সূত্র জানায়, ধাক্কা লাগার পর কুকুরটি মারা যায়। ফায়ার সার্ভিসের সদস্য ও নিরাপত্তকর্মীরা এসে মৃত কুকুরটি সরিয়ে নেয়। রাত ৮টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, “উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে উড়োজাহাজের তেমন ক্ষতি হয়নি। যাত্রীরাও নিরাপদে ছিলেন।”
গোলাম মর্তুজা বলেন, “কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে রানওয়ের উত্তর পাশের কিছু অংশে অবকাঠাগত উন্নয়নকাজ বাকি আছে। বৃষ্টির কারণে কাজগুলো শেষ করা যাচ্ছে না। দিনের বেলায় উত্তরাংশের খোলা এলাকা দিয়ে কুকুর ঢোকার সুযোগ নেই। তবে সন্ধ্যার পর রানওয়েকে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর ঠিকমতো দেখা যায় না।”



