Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কমেছে ইলিশের দাম, উর্ধ্বমুখী সবজির বাজার

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানী ঢাকার কাঁচাবাজারে ইলিশের দাম কমলেও উর্ধ্বমুখী সবজির বাজার। দাম বেড়েছে পেঁয়াজ, ডিম ও মুরগির।

রাজধানীর বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা যায়, ছোট সাইজের ইলিশ এতদিন ৮০০ থেকে ৯০০ টাকা কেজিতে বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। মাঝারি সাইজের ইলিশের দাম এতদিন ছিল ১,৮০০ থেকে ২ হাজার টাকা যা কমে হয়েছে ১,৪০০ থেকে ১,৬০০ টাকা। এক কেজি বা এক কেজির ওপরে ইলিশ কদিন আগেও ২,৪০০ থেকে ২,৬০০ টাকায় বিক্রি হলেও এখন দাম ২ হাজার থেকে ২,৩০০ টাকা।

ইলিশের দাম কমলেও অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। রুই-কাতলা সাইজভেদে ৩৮০ থেকে ৪৫০ টাকা কেজি, শিং ও মাগুর ৪৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২৫০ টাকা, বোয়াল ও কোরাল ৯০০ থেকে ১,২০০ টাকা এবং গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ১,২০০ থেকে ১,৫০০ আর বাগদা চিংড়ি ৭৫০ থেকে ৮৫০ টাকায়।

এ কদিনে গরুর মাংসের দাম কিছুটা কমেছে। বেশিরভাগ বাজারে এতদিন ৮০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হলেও আজ দাম নেমেছে ৭৫০ থেকে ৭৮০ টাকায়। তবে খাসি বিক্রি হচ্ছে আগের দামেই; কেজি ১,১০০ থেকে ১,২০০ টাকা।

চড়া দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। গত সপ্তাহের ১৬০ টাকা কেজির মুরগি স্থানভেদে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। দাম বাড়তি সোনালি মুরগির। ৩০০ টাকা কেজির পাকিস্তানি সোনালি মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়।

মুরগির পাশাপাশি দাম বেড়েছে ডিমের। কারওয়ান বাজার ও কাপ্তান বাজারের মতো জায়গায় পাইকারি দামে ডজনপ্রতি ব্রয়লার বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। খুচরা বাজারে ডিমের দাম ১৩৫ থেকে ১৪০ টাকা। সাদা ডিমের দাম কিছুটা কম; ডজনপ্রতি ১২৫ থেকে ১৩০ টাকা।

এদিকে, সবজির বাজারে দাম বেশি কাঁচা মরিচের। কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে মরিচের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা হলেও শান্তিনগর, রামপুরা ও বাড্ডার কাঁচাবাজারে মরিচের কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

শসা, গাজর, টমেটো ও বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে। অন্যান্য সবজির দাম ৪০ থেকে ৮০ টাকার মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে বাজারে সবজি সরবরাহ কমে আসায় দাম বেড়েছে।

এছাড়াও দাম বেড়েছে পেঁয়াজের। স্থানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ক্রেতারা বলছেন, কদিন আগেও তারা ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন।

গত এক মাসে বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে। জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। গত মাসে খাদ্য মূল্যস্ফীতি ০.১৭% বেড়ে দাঁড়িয়েছে ৭.৫৬%, জুনে যা ছিল ৭.৩৯%।

   

About

Popular Links

x