বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সব তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় এ ধরনের নোট গ্রহণ এবং তার বিনিময়ে নতুন নোট প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জনসাধারণের সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে “ক্লিন নোট পলিসি”র আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এ ধরনের নোটের আধিক্য দেখা যাচ্ছে। এর ফলে নগদ লেনদেনে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ক্লিন নোট পলিসি বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকগুলোকে আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট নোটগুলো বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার আদেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের সেবা প্রদানে কোনো ব্যাংক শাখার অনীহা বা গাফিলতি দেখা দিলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



