বাংলাদেশের রপ্তানি খাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে চলতি বছরের এপ্রিল মাসে।
বর্তমানে মোট রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি।
রবিবার (৩ মে) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রপ্তানির মাসভিত্তিক হালনাগাদ প্রতিবেদন এ তথ্য প্রকাশ পেয়েছে।
টানা কয়েক মাস পর তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে রপ্তানিতে এই ইতিবাচক প্রবৃদ্ধি এসেছে। এটি সামগ্রিক অর্থনীতিতে নতুন আশা জাগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদন এ দেখা যায়, সদ্য সমাপ্ত এপ্রিল মাসে রপ্তানি আয় ৪০০ কোটি ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ৩২ দশমিক ৯২ শতাংশ বেশি। গত বছর এপ্রিল মাসে রপ্তানি আয় ছিল ৩০১ কোটি ডলার।
চলতি বছরের মার্চ মাসে রপ্তানি আয় ছিল ৩৪৮ কোটি ডলার, যার তুলনায় এপ্রিলে আয় বেড়েছে ১৫ দশমিক ২০ শতাংশ।
রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশের রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক শিল্প। এপ্রিলে খাতটি থেকে আয় হয়েছে ৩১৪ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি।



