মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে গত দুই মাসে টানা তিন দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। মে মাসের জন্য লিটারপ্রতি এই জ্বালানির দাম এক লাফে প্রায় ২১ টাকা ৬৩ পয়সা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর এই সিদ্ধান্ত জানায়। নতুন এই দাম আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।
বিইআরসির তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ২০৫ টাকা ৪৫ পয়সা। এর আগে এপ্রিল মাসে এই দাম ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। অর্থাৎ অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি ২১ টাকা ৬৩ পয়সা সাশ্রয় হবে।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম কমানো হয়েছে। আন্তর্জাতিক রুটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১.৩৩৮৫ মার্কিন ডলার, যা গত মাসে ছিল ১.৪৮০৬ ডলার।
জ্বালানি তেলের দাম সমন্বয়ের ক্ষেত্রে বিইআরসি বেশ কিছু বিষয় বিবেচনা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানির প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও লরির পরিবহন খরচ বিশ্লেষণ করে মে মাসের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতার কারণে গত কয়েক মাস ধরেই জেট ফুয়েলের দাম উর্ধ্বমুখী ছিল। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিমান ভাড়া কিছুটা কমে আসবে কি না, এখন সেটিই দেখার বিষয়।



