বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ কাটা হবে এমন বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক গ্রাহক মনে করছেন, এই অতিরিক্ত টাকা তাদের পকেট থেকেই দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, এ তথ্য সম্পূর্ণ ভুল।
মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে বলেন, “কেনাকাটার ক্ষেত্রে গ্রাহককে কোনো চার্জ দিতে হবে না। একজন ক্রেতা কোনো চার্জ ছাড়াই পণ্য কিনতে পারবেন। তবে এই চার্জ দিতে হবে বিক্রেতাকে অর্থাৎ মার্চেন্টকে।”
জানা গেছে, বিক্রেতা বা মার্চেন্টকে ১,০০০ টাকায় সর্বোচ্চ ১০ টাকা বা ১% এবং এর ওপর ১৫% ভ্যাট যুক্ত করে চার্জ দিতে হবে। ফলে ১,০০০ টাকায় মোট ১১.৫০ টাকা মার্চেন্টের খরচ হিসেবে গণ্য হবে।
প্রসঙ্গত, পণ্য কেনার পর কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করার সময় সতর্ক থাকুন। কোনো বিক্রেতা অতিরিক্ত টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস প্রোভাইডার বা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানান।
বিক্রেতা যদি পণ্যমূল্যের অতিরিক্ত টাকা দাবি করেন, তবে সেটি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও নিয়মবহির্ভূত।



