Monday, August 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

খোলা বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে ডলার

এক সংবাদ সম্মেলনে এ দর ঘোষণা করেন এমসিএবির সভাপতি

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

খোলা বাজারে ডলারের দর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখতে নতুন বিনিময় হার নির্ধারণ করেছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি)। নতুন ঘোষিত দর অনুযায়ী, দেশের অনুমোদিত মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার ১২৫ টাকা ৫০ পয়সায় ক্রয় এবং ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ দর ঘোষণা করেন এমসিএবির সভাপতি এম এস জামান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী গৌতম দে-সহ কেন্দ্রীয় নেতারা ও বিভিন্ন মানি চেঞ্জার প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।

এমসিএবির সভাপতি জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকেই ডলারের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন এ হার সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে সারাদেশের সকল মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে খোলা বাজারে ডলারের সাম্প্রতিক অস্থিতিশীলতা নিয়ে উঠা প্রশ্নের জবাবে এম এস জামান দাবি করেন, ডলার বাজারের অনৈতিক কারসাজির পেছনে মানি চেঞ্জারদের কোনো দায় নেই; বরং এ দায় ব্যাংকগুলোর। মানি চেঞ্জার খাতের পরিধি অত্যন্ত সীমিত হওয়ায় এই খাত থেকে বাজার ম্যানিপুলেট করার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

   

About

Popular Links

x