সুষ্ঠু হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামী শনিবার (২৫ মার্চ) সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা সীমিতসংখ্যক লোকবল দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার কথা নির্দেশনায় বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকের শাখা ও উপশাখা সারাদেশে খোলা রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার পাঠিয়েছে।
এতে বলা হয়, হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) ব্যাংক খোলা রাখতে হবে। একইসঙ্গে আগামী সোমবার (২৭ মার্চ) প্রয়োজনে অফিস সময়ের পরেও প্রস্তুত করা ভাউচারের অর্থ নেওয়ার ব্যবস্থা রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। এছাড়া, আগামী ২৭ মার্চ পর্যন্ত নতুন করে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকায় নির্ধারিত হবে।



