Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘দুই হাজার টাকা কর দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের ব্যাপার’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রীয় কোষাগারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে করযোগ্য নয় এমন ব্যক্তিদের রিটার্ন দাখিলের ক্ষেত্রে ২,০০০ টাকা বাধ্যতামূলক করা হয়েছে’

আপডেট : ০২ জুন ২০২৩, ১০:০০ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, “ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) আমদানিকারক প্রতিষ্ঠান, গাড়ি কেনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক। গরিব মানুষের জন্য টিআইএন বাধ্যতামূলক নয়। তাই আমি মনে করি তাদের দুই হাজার টাকা সরকারের কোষাগারে দিয়ে উন্নয়নে শামিল হওয়া গর্বের ব্যাপার।”

শুক্রবার (২ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অপর এক প্রশ্নের উত্তরে এনবিআরের চেয়ারম্যান বলেন, “রাষ্ট্রীয় কোষাগারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে করযোগ্য নয় এমন ব্যক্তিদের রিটার্ন দাখিলের ক্ষেত্রে ২,০০০ টাকা বাধ্যতামূলক করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, “প্রস্তাবিত বাজেট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মেনে করা হয়নি। আমাদের নিজেদের প্রয়োজন মোতাবেক করা হয়েছে, তবে সংস্থাটির যেসব পরামর্শ আমাদের জন্য ভাল কিংবা গ্রহণযোগ্য, সেগুলো নেওয়া হয়েছে। বিশ্বের অন্যান্য দেশও সেটা করে থাকে।”

   

About

Popular Links

x