প্রতিবেশী দেশ ভারত সফরে গিয়ে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন বাংলাদেশিরা। ক্রেডিট দিয়ে বাংলাদেশিরা দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ খরচ করেন যুক্তরাষ্ট্রে গিয়ে।
রবিবার (১১ জুন) ক্রেডিট কার্ডে খরচের প্রবণতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলা ট্রিবিউন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, একক দেশ হিসেবে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি খরচ করেন বাংলাদেশিরা। আর ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের মোট খরচের চার ভাগের একভাগ হয় ভারতে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ভারত ভ্রমণে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা মোট ৭৩ কোটি টাকা খরচ করেছেন। যা মার্চ মাসে গিয়ে দাঁড়ায় ১০৩ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়েছে, এ খাতে বাংলাদেশিরা দ্বিতীয় সর্বোচ্চ ব্যায় করেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মার্চ মাসে বাংলাদেশিরা ব্যয় করেছেন প্রায় ৫১ কোটি টাকা। একই মাসে থাইল্যান্ডে খরচ করেছেন ৪২ কোটি টাকা, দুবাই ও সিঙ্গাপুরে যথাক্রমে ৪১ ও ৩৪ কোটি টাকা।
মার্চ মাসে দেশের বাইরে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা ৪২৬ কোটি টাকা খরচ করেছেন। একই মাসে দেশে-বিদেশে ক্রেডিট কার্ডে মোট খরচ হয়েছে দুই হাজার ৩৭৪ কোটি টাকা। যা ফেব্রুয়ারি মাসে ছিল দুই হাজার ১৭২ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্যানুযায়ী, বাংলাদেশিরা যেসব দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন, সেসব দেশের মধ্যে আরও রয়েছে যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কানাডা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া।
দেশের বাইরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে ভিসা কার্ড। এরপর রয়েছে যথাক্রমে মাস্টারকার্ড, অ্যামেক্স কার্ড, ডাইনারস কার্ড, ইউনিয়ন পে ও জেসিবি কার্ড।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, মার্চ মাসে দেশের বাইরের সুপার শপগুলোতে ১৫৭ কোটি টাকার কেনাকাটা করেছেন বাংলাদেশিরা। এর মধ্যে ওষুধ কিনেছেন ৬১ কোটি টাকার, কাপড় কিনেছেন ৪৬ কোটি টাকার ও যাতায়াতে ব্যয় করেছেন ২৯ কোটি টাকা।
ব্যয়ের উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে আরও রয়েছে- নগদ টাকা উত্তোলন, ব্যবসা-সেবা, পেশাগত-সেবা ও সরকারি-সেবা গ্রহণের মতো খাত।



