বাংলাদেশের জন্য ৪০০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশীয় সম্পদ সংগ্রহে সংস্কারের অগ্রগতি, জনসাধারণের ব্যয়ের দক্ষতা ও উৎপাদনশীলতা উন্নত করতে এবং ছোট ব্যবসা, বিশেষ করে নারী-নেতৃত্বাধীন ব্যবসায়গুলোকে স্বল্প খরচে অর্থ পেতে সহায়তা করতে এই ঋণ দিচ্ছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি। মহামারি-পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে ২০২১ সালের অক্টোবরে চালু করা দ্বিতীয় কর্মসূচির আওতায় এ ঋণ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক সময়ে চাপের মুখে আছে। এডিবির বাজেট সহায়তা রিজার্ভ কিছুটা বাড়াতে সহায়তা করবে। বাজেট সহায়তা হলো এক ধরনের ঋণ, যা নির্দিষ্ট উন্নয়ন প্রকল্পের বাইরে সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে উন্নয়ন সহযোগীরা দিয়ে থাকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে রিজার্ভ রয়েছে ২৯.৭৮ বিলিয়ন ডলার।
আইএমএফ'র ঋণের দ্বিতীয় কিস্তির অর্থছাড় করতে হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে জুনের শেষে ২৪.৪৬ বিলিয়ন ডলার থাকতে হবে। এছাড়া, সেপ্টেম্বরে থাকতে হবে ২৫.৩২ বিলিয়ন ডলার।
আগামী ডিসেম্বরে আইএমএফ'র দ্বিতীয় কিস্তির অর্থছাড় হবে। এ কারণে এডিবির এই বাজেট সহায়তা রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



