বাংলাদেশকে ১,৩২৩ কোটি টাকা (১২ কোটি ডলার) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২% সুদে “ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুড অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন চিটাগং হিল ট্র্যাক সেক্টর” প্রকল্পে এ ঋণ দেবে এডিবি।
বুধবার (৪ অক্টোবর) এডিবির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
ইআরডি জানায়, প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এ বছরের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে। এডিবির এ ঋণের সুদের হার হবে ২%; অন্য কোনো চার্জ নেই। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।
ইআরডি আরও জানিয়েছে, প্রকল্পটির মাধ্যমে পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি ও ব্যবসা-বাণিজ্যে অংশগ্রহণ বাড়িয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ ওই এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া জনগণের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নতুন কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা হবে।



