Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার রপ্তানি পণ্যের তালিকায় ‍যুক্ত হলো কুঁড়ার তেল

এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম

এবার রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হলো কুঁড়ার তেল (রাইস ব্র্যান অয়েল) ও রাইস ব্র্যান ক্রুড অয়েল।

বুধবার (১৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত কুঁড়ার তেল রপ্তানির সুযোগ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ আদেশ জারির মাধ্যমে দেশে কুঁড়ার তেল উৎপাদনকারীরা এখন থেকে এই তেল বিদেশে রপ্তানি করতে পারবেন। এক দশক ধরে দেশে কুঁড়ার তেলের উৎপাদন বেড়েছে। গ্রাহক পর্যায়েও এর বিক্রি বেড়েছে চোখে পড়ার মতো।

রপ্তানি নীতি ২০২৪-২৭–এর আওতায় রপ্তানি পণ্যের তালিকায় রাইস ব্র্যান, পরিশোধিত রাইস ব্র্যান অয়েল ও অপরিশোধিত রাইস ব্র্যান অয়েল অন্তর্ভুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, ঈশ্বরদীতে ২০১১ সালে রশিদ অয়েল মিলস লিমিটেড হোয়াইট গোল্ড ব্র্যান্ড নামে প্রথম ধানের কুঁড়ার এই তেল উৎপাদন শুরু করে। এরপর বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এই ব্যবসায় যুক্ত হয়।

দেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা প্রায় ২২ থেকে ২৩ লাখ টন। এই চাহিদার বিপরীতে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি করে স্থানীয়ভাবে পরিশোধনের মাধ্যমে চাহিদার প্রায় ৯০ শতাংশ পূরণ করা হয়। বাংলাদেশ রাইস ব্র্যান অয়েল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, দেশে মোট ২০টি রাইস ব্র্যান অয়েল মিল রয়েছে। এসব মিলের বার্ষিক উৎপাদনক্ষমতা ৪ লাখ ৫৩ হাজার টন।

   

About

Popular Links

x