সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করেছিল সরকার। পরের দুই বছর মূল্যস্ফীতি বাড়লেও করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। তবে আগামী অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়তে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।
বর্তমানে বার্ষিক আয়ে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এই সীমা আরও ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে পারে বলে জানিয়েছে প্রথম আলো।
উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ করদাতাদের স্বস্তি দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন কর কর্মকর্তারা।
এছাড়া করহার পুনর্বিন্যাস করা হতে পারে। করমুক্ত আয়সীমার পরের এক লাখ টাকার ওপর বর্তমানে প্রচলিত ৫% কর আরোপ হয়। এ স্তরের পরিধি বাড়ানো হতে পারে। তবে করের হার অপরিবর্তিত রাখা হতে পারে। বর্তমানে করহার হতে পারে ৫, ১০, ১৫, ২০ ও ২৫%।
উল্লেখ্য, আগামী ২ জুন আগামী অর্থবছরের বাজেট দেবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এটি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট।



