২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা চলমান অর্থবছরের ন্যায় সাড়ে ৩ লাখ টাকা রাখা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে তা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের জন্য নতুন বাজেটে করমুক্ত আয়সীমায় বিশেষ সুবিধা রাখা হয়েছে।
সোমবার (২ জুন) বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, গেজেটভুক্ত জুলাই অভ্যুত্থান-২০২৪ এ আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এতে করে বাকিদের আয়সীমার থেকে আহত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমার ব্যবধান হবে ১ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া নতুন বাজেটে করদাতাদের জন্য বেশ কিছু সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ন্যূনতম করের কারণে কোনো করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত কর প্রদান করতে হয় তা পরবর্তী করবর্ষের সঙ্গে সমন্বয় করার সুযোগ থাকবে।
এছাড়া কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে কৃষি পণ্য থেকে আয়ের অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় পরিগণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য পরিমাণ সাড়ে ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।
কর সুবিধা দেওয়া হয়েছে জাতীয় পেনশন স্কিমেও। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় এবং সার্বজনীন পেনশন স্কিম থেকে সুবিধাভোগীর যেকোনো আয় করমুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে।
পাশাপাশি জিরো কুপন ইসলামিক ইনভেস্টমেন্ট সার্টিফিকেট থেকে হওয়া আয়ও করমুক্ত ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা।
উল্লেখ্য, সংসদ না থাকায় এবারের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।
এর আগে সকালে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন।
সংসদ না থাকায় আগামী ৩০ জুন রাষ্ট্রপতি বাজেট অধ্যাদেশে সই করবেন, ১ জুলাই কার্যকর হবে নতুন বাজেট। তবে বাজেটের অনেক অংশ, বিশেষ করে ট্যাক্স ও কাস্টমস সংক্রান্ত বিষয়গুলো ২ জুন উপস্থাপনের দিন থেকেই কার্যকর হবে।



