Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নোবেলসহ ৯ বিদেশি পুরস্কারের আয়ে দিতে হবে না কর

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে

আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:৪১ পিএম

নোবেল পুরস্কারসহ ৯ ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেলে তার ওপর কর দিতে হবে না- এমন বিধান আনতে যাচ্ছে সরকার। এছাড়া বিদেশি কোনো সরকারে কাছ থেকে পুরস্কার পেলে সেটিও করমুক্ত হবে। 

সোমবার (২ জুন) অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নোবেল পুরস্কার ছাড়াও যেসব পুরস্কার করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে সেগুলো হলো- র‌্যামন ম্যাগসেসে পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, সিমন বলিভার পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব ও কান ফিল্ম অ্যাওয়ার্ড।

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো আয় যদি রেমিট্যান্স এর শর্ত মেনে দেশে আনা হয়, সেক্ষেত্রে তা করমুক্ত। কিন্তু আলোচ্য বিদেশি পুরস্কারের ক্ষেত্রে কেউ যদি দেশে থেকে ওই পুরস্কার প্রাপ্ত হন, সেক্ষেত্রে আইনে কিছু বলা নেই।

এ বিষয়টি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তা সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “আইনে এ বিষয়ে কিছু বলা না থাকায় দেশে থেকে কেউ কোনো আন্তর্জাতিক পুরস্কার পেয়ে ওই অর্থ দেশে আনলে এর ওপর স্বাভাবিক হারে ট্যাক্স হবে। কিন্তু নতুন করে আইনে বিষয়টি স্পষ্ট করার ফলে নোবেল পুরস্কারসহ আলোচ্য পুরস্কারের ক্ষেত্রে ট্যাক্স হবে না, যদি তিনি দেশে থেকেও ওই পুরস্কার অর্জন করেন।”

উল্লেখ্য, সংসদ না থাকায় এবারের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।

এর আগে সকালে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন।

সংসদ না থাকায় আগামী ৩০ জুন রাষ্ট্রপতি বাজেট অধ্যাদেশে সই করবেন, ১ জুলাই কার্যকর হবে নতুন বাজেট। তবে বাজেটের অনেক অংশ, বিশেষ করে ট্যাক্স ও কাস্টমস সংক্রান্ত বিষয়গুলো ২ জুন উপস্থাপনের দিন থেকেই কার্যকর হবে।

টাইমলাইন: জাতীয় বাজেট ২০২৫-২৬
০২ জুন ২০২৫, ১৮:৪১
নোবেলসহ ৯ বিদেশি পুরস্কারের আয়ে দিতে হবে না কর
০২ জুন ২০২৫, ১৫:৩৫
   

About

Popular Links

x