বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম বেড়েছে। অভ্যন্তরীণ রুটে এর প্রতি লিটার ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বেড়ে ৯৮ টাকা ২ পয়সা হয়েছে। আর আন্তর্জাতিক রুটে ৬০ মার্কিন সেন্ট থেকে বাড়িয়ে ৬৪ সেন্ট নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ রাত ১২টার পর অর্থাৎ মঙ্গলবার থেকে কার্যকর হবে।
এর আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বিপিসি। অন্তর্বর্তী সরকার এক নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা বাতিল করে দেয়। এরপর গত বছরের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়।
এদিকে দাম নির্ধারণের বিরোধিতা করে আজ সোমবার বিইআরসিকে একটি চিঠি দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এতে বলা হয়, জেট ফুয়েলের বিতরণ চার্জ বৃদ্ধি যৌক্তিক হয়নি, তাই ক্যাব-এর প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে ক্যাবের সঙ্গে বিইআরসির বিদ্যমান বিরোধ নিষ্পত্তির পর্যন্ত জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ স্থগিত রাখার দাবি জানিয়েছে সংস্থাটি।



