Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রশ্নফাঁস রোধে কঠোর অবস্থানে শিক্ষামন্ত্রী

 পরীক্ষায় নকল প্রতিরোধে ব্যাপক নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের যেকোনো ধরনের অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষায় নকল প্রতিরোধে ব্যাপক নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে ‘এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬’ উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যা সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।”

তিনি আরও জানান, “পরীক্ষার খাতা মূল্যায়নের মান যাচাই এবং নকল ও প্রশ্ন সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া জোরদার করা হয়েছে।”

এর আগে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, পরীক্ষার সার্বিক পরিস্থিতি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে এবং কোনো ধরনের ভীতি বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।

   

About

Popular Links

x