দেশের সব মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে যেসব মাদ্রাসায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই, সেখানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে দায়িত্ব দিতে এবং শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নিতে বলা হয়েছে।
সোমবার (৬ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াচর্চার সম্প্রসারণে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ এবং তারুণ্যের শক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক অনুশীলন ও খেলাধুলায় সম্পৃক্ত করা প্রয়োজন।
এ কারণে অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় কর্মরত শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া যেসব মাদ্রাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানদের কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিধি অনুযায়ী শারীরিক শিক্ষা বিষয়ের শূন্য পদ দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।



