আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২০২৫ সালের ২ মার্চ থেকে। আর টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ২৭ ফেব্রুয়ারির মধ্যে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজগুলো অধ্যক্ষদের বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছে।”
তপন কুমার সরকার জানান, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের জন্য ফরম পূরণ শুরুর তারিখ ২ মার্চ কার্যকর হবে। আর ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জুন মাসের শেষের দিকে।
একই তথ্য জানিয়েছিলেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারও।



