সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ফটক, শহিদ সাজিদ ভবন এবং রফিক ভবনে তালা দিয়ে শাট ডাউন করে অনশন করছেন শিক্ষার্থীরা। ফটকে তালা ঝোলানোর কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না কোনো প্রকার যানবাহন। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে।
এর আগে রবিবার সকাল সাড়ে ৮টা থেকে আমরণ গণঅনশন শুরু করেন শিক্ষার্থীরা। অনশনের কারণে রাতে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদের স্যালাইন দিয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়। পরে গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে হল থেকে বেরিয়ে জবির শহিদ মিনারের সামনে এসে বসে পড়েন প্রায় অর্ধশত ছাত্রী।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো- দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়া।



অস্থায়ী আবাসনের দাবিতে অনশনে জবি শিক্ষার্থীরা