Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রীনিবাস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১১:১৭ এএম

রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রীনিবাস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রবিবার (২৬ জানুয়ারি) ভোরে তনুগঞ্জ লেনের একটি ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

শাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুরে।

সাবরিনা রহমান শাম্মির সহপাঠী আলী কাজী বলেন, “আমরা ভোর ৪টার দিকে জানতে পারি, শাম্মি আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ আমরা কাঠেরপুলে তার মেসে যাই। তখন বুয়েটে পড়াশোনা করা শাম্মির বয়ফ্রেন্ডও এসেছিল। অনেক কান্নাকাটি করার পর চলে যায় সে।”

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। মেসের একটি রুমে একাই থাকতেন তিনি। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদের মিডফোর্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ  তাজাম্মুল হক বলেন, “ভোর ৫টায় ঘটনা শোনামাত্রই আমি সূত্রাপুর থানায় গিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি বুয়েটের এক শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ মরদেহটি হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে খুব দ্রুতই তাকে তার গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হবে।”

   

About

Popular Links

x