Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রেলারে ঝড় তুললেন রজনীকান্ত

রজনীকান্ত ছাড়াও দেখা যাবে আমির খান, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসানকেও

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১১:৩৩ এএম

১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে লোকেশ কঙ্গরাজের সিনেমা ‘‘কুলি’’। সিনেমায় কুলির চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি তারকা রজনীকান্ত। গত শনিবার সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে। বয়স যে একটি সংখ্যা মাত্র, তা আবারও প্রমাণ করলেন ৭৪ বছর বয়সী রজনীকান্ত। দক্ষিণ ভারতে তার সিনেমা মুক্তির দিনে অফিস থেকে ছুটি নেওয়ার ধুম পড়ে, টিজার-ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমত ঝড় ওঠে। এবারও তার ব্যতিক্রম নয়।

দক্ষিণের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন লোকেশ কঙ্গরাজ । গত শনিবার প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। ভিজ্যুয়াল, অ্যাকশন আর তারকাদের উপস্থিতি নিয়ে মুক্তি পায় ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেলারটি। স্বর্ণ পাচারের পটভূমিতে গড়ে ওঠেছে এ ছবির গল্প, যেখানে এক ‘‘কুলি’’র অতীত আর বর্তমানের টানাপোড়েনে দেখা মিলবে রজনীকান্তের দুর্দান্ত অভিনয়।

ট্রেলার শুরুতেই দেখা যায় এক মনোলগ, ‘‘কারও জন্ম হলে, তার মৃত্যুও তখনই লেখা হয়ে যায় হাতের রেখায়।’’ এখান থেকেই তৈরি হয় থ্রিল আর রহস্যে ঘেরা আবহ। এরপর একে একে হাজির হতে থাকে চরিত্ররা। সিনেমাটিতে অল্প সময়ের জন্য দেখা মিলবে আরেক সুপারস্টার আমির খানের। এরপর একঝলকে ক্যামেরার ফ্রেমে ধরা দেন দক্ষিণী তারকা নাগার্জুনা ও সত্যরাজ। সবার মাঝে এক অদৃশ্য যোগসূত্র।

প্রায় সাড়ে তিন’শ কোটি রুপি বাজেটের সিনেমাটির শুটিং শুরু হয় গত বছরের ৫ জুলাই। শেষ হয় এ বছরের ১৭ মার্চ। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

   

About

Popular Links

x