২০২৩ সালের ঈদ-উল-আজহায় ব্লকবাস্টার হিট ‘সুড়ঙ্গ’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন নির্মাতা রায়হান রাফী। বড় পর্দায় আবারও ‘মাসুদ’ চরিত্রে দেখা যাবে অভিনেতা আফরান নিশোকে।
শুক্রবার (১২ জুন) বিকেলে সিনেমাটির দেড় মিনিটের একটি চমকপ্রদ টিজার প্রকাশ করে এই ঘোষণা দেন নির্মাতা।
টিজারে আফরান নিশোকে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে। ভিডিওর শুরুতে অন্ধকার সুড়ঙ্গের দিকে যেতে যেতে মাসুদরূপী নিশোকে আক্ষেপের সুরে বলতে শোনা যায় - ‘এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই।’
এরপরই তাকে ধ্বংসস্তূপ ও শত্রুদের মোকাবিলা করতে দেখা যায়। টিজারে নিশোর হাতে ‘ময়না’ নামের একটি ট্যাটু এবং খলনায়ক মিখাইলকে দেওয়া তার হুংকার দর্শকদের বেশ নজর কেড়েছে।
নির্মাতা রায়হান রাফী জানান, আগামী ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ ২’। এই সিনেমার মধ্য দিয়েই বড় পরিসরে যাত্রা শুরু হচ্ছে তার ‘ফিল্ম ইউনিভার্স’-এর। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে।
চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছিল আফরান নিশোর। প্রথম ছবিতে তার বিপরীতে ‘ময়না’ চরিত্রে অভিনয় করেছিলেন তমা মির্জা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শহীদুজ্জামান সেলিম ও মোস্তফা মন্ওয়ার।
এসভিএফ এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সনি বলেন, “সুড়ঙ্গ ২ - এর মাধ্যমে আমরা শুধু একটি সফল ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে চাই না, বরং এমন একটি গল্প বলতে চাই যা বর্তমান দর্শকদের প্রত্যাশা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎকে প্রতিফলিত করে।”



