কিছুদিন আগে কলকাতার মঞ্চে কনসার্ট শেষে অসুস্থ হওয়ার পর মারা যান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। বাংলাদেশে তার ভক্ত শ্রোতাও অগণিত। এবার কেকের গাওয়া গান নিজের কন্ঠে ধারণ করলেন দেশের আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর।
বুধবার (১৭ আগস্ট) নিজের ফেসবুক পেজে আসিফ নিজেই এ খবর জানান। বুধবারই গানটি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
যদিও কেকের গাওয়া গানের খবর জানাতে গিয়ে অবাক করা এক তথ্য জানালেন আসিফ। মৃত্যুর আগপর্যন্ত কেকের গাওয়া কোনো গান শোনা হয়নি আসিফ আকবরের। তবে কিছুদিন ধরে শুনছেন আর মুগ্ধতায় আচ্ছন্ন হচ্ছেন। জন্মেছে শিল্পীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাও। সেই শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই কেকের গাওয়া কোনো গান নিজের কণ্ঠে ধারণ করলেন তিনি।
“বজরঙ্গি ভাইজান” সিনেমায় কেকের গাওয়া “তু জো মিলা” গানটি গেয়েছেন আসিফ। কাওসার মুনীরের লেখা গানটির সংগীত পরিচালক প্রীতম।
গানটির গাওয়ার পেছনের গল্প বলতে গিয়ে আসিফ আকবর তার ফেসবুকে লিখেছেন, “কুমিল্লা গুলবাগিচা স্কুলে একজন মহীয়সী নারীর সান্নিধ্য পেয়েছিলাম। তিনি আমার শিক্ষিকা প্রয়াত শ্রদ্ধেয়া শ্রীমতি কল্যানী সেন গুপ্তা। ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত তিনি আমাকে টার্গেট করেই হামদ নাত দেশাত্মবোধক গান, লালন রবীন্দ্র নজরুল কোনো কিছুতেই ছাড় দেননি। কল্যানী আপা ছিলেন কবি নজরুল ভক্ত। শৈশবের মেমোরীতে উনার চোখ আর চুলে আমি নজরুলকে মেলাতেই ভালবাসি। তিনি চাইতেন আমি কালচারে থাকি, আমার মন ক্রিকেটে। চাপে পড়ে যতটুকু ট্রেনিং পেয়েছি, তাতেই আজো ধন্য।”
আসিফ আরও লিখেন, “দিন বদলেছে, গায়ক হয়েছি, সবচেয়ে দূর্বলতম শিক্ষায় সর্বোচ্চ সফলতা আল্লাহ দিয়েছেন, পা মাটিতেই রাখি। বেগমের সাথে প্রেম চলাকালীন ইনিংসে ম্যায়নে পেয়ার কিয়া সিনেমাটা দেখি, সালমান খান আর ভাগ্যশ্রীর প্রেমটা যেন আমার আর বেগমের প্রেমের প্রচ্ছায়া। সব গানই শুনি, হিন্দী প্রেমের গান একটু বেশিই শুনতে হতো আভ্যন্তরীণ প্রেমের কুফল বা সুফল হিসেবে। ঢাকার অভিজাত ক্লাব, গায়ে হলুদ, জন্মদিন, সুন্নতে খাৎনাসহ সামাজিক অনুষ্ঠানে অনেক গেয়েছি হিন্দি গান “
কেকে প্রসঙ্গে আসিফ বলেন, “ভারতীয় গায়ক শ্রদ্ধেয় কেকে মারা গেলেন কদিন আগে। দেশসেরা কম্পোজার মানাম আহমেদ ভাই আমাকে বহুদিন আগে এই ভদ্রলোকের কন্ঠের কথা বলেছিলেন। নিজের ব্যস্ততায় খুব একটা গান শোনা হয়নি ওনার। তিনি মারা যাওয়ার পর গবেষণা শুরু করেছি। যতই শুনেছি ততোই মন্ত্রমুগ্ধ হয়েছি। কখনো হিন্দি গান রেকর্ড করিনি। জীবনে প্রথম বাজরঙ্গী ভাইজান সিনেমার - তু জো মিলা গানটি গাইলাম। বিপন্ন শিশুদের পাশে জান দিয়ে থাকার এই গল্পটি অনেক ভাল লাগে আমার। ভুল ত্রুটি মার্জনীয়। কেকে সাহেবকে ট্রিবিউট করে গানটি গেয়েছি। কম্পোজিশান করেছেন জাবেদ আহমেদ কিসলু। সব ঠিক থাকলে আজই হয়তো মুক্তি পাবে গানটি। দি গ্রেট কেকে, বাংলাদেশ থেকে আপনার প্রতি আমার ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য, আপনি মহান শিল্পী, রেসপেক্ট।”



