যেকোনো চলচ্চিত্র দর্শকজনপ্রিয়তা পেলে প্রশংসার সিংহভাগই যায় অভিনেতা-অভিনেত্রীদের দখলে। সেই তুলনায় পরিচালনা, চিত্রনাট্য, প্রযোজনা, কোরিওগ্রাফি, সাজসজ্জার দায়িত্বে থাকা ব্যক্তিদের মতো চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্যরা তেমন প্রশংসা পান না।
তবে কোনো সিনেমার সাফল্যের পেছনে অভিনয়শীল্পীদের তেমন কোনো বড় ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমায় অভিনয়শিল্পীদের ভূমিকা খুবই সামান্য উল্লেখ করে মানুষ অকারণেই তাদের প্রচুর কৃতিত্ব দেয় বলেও দাবি করেছেন এই অভিনেত্রী।
শুধু তাই না, সেরা চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করেই আজ সেরা অভিনেত্রীদের কাতার এসেছেন বলেও জানান প্রিয়াঙ্কা। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
কিছুদিন আগে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারত সফর শেষ করে সম্প্রীতি তিনি আবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফিরে গেছেন। বর্তমানে স্বামী ও গায়ক নিক জোনাসের বিভিন্ন কনসার্টেই এই ভারতীয় অভিনেত্রীকে বেশি দেখা যায়।
ভারত সফরকালে জেনিস সিকুইরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “শুধু হলিউডেই না, বলিউডেও আমি সেরা চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজ করেছি। তারা সবাই আমাকে ভালো একজন অভিনেত্রী হতে শিখিয়েছেন।”
তিনি বলেন, “আমরা অভিনেতাদের একটু বেশিই কৃতিত্ব দিই। আমি সত্যিই বলছি, আমরা অভিনয়শিল্পীরা তেমন কিছুই করি না। আমি সবসময়েই বলে এসেছি যে অভিনয়শিল্পীরা কিছুই করে না। সিনেমায় মাত্র ৩০ সেকেন্ডের একেকটা দৃশ্যে আমরা হাজির হই, এর বাইরে আমরা কিছুই করি না। সুতরাং সিনেমায় আমাদের ভূমিকা খুবই সামান্য।”
ভারতীয় এই অভিনেত্রী আরও বলেন, “আমরা সিনেমায় অন্য কারও লেখা সংলাপ বলি, অন্য কারো লেখা চিত্রনাট্যে কাজ করছি, গান গাওয়া অন্য কারও কণ্ঠে আমরা ঠোঁট মিলাই। আমাদের নাচের মুদ্রাগুলোও অন্য কারও কোরিওগ্রাফ করা। আমরা প্রচারণা চালাচ্ছি,যেখানে অন্য কেউ আমাদের প্রশ্ন করে। এমনকি আমাদের সাজসজ্জার জন্যও অন্য কেউ থাকে। তাহলে আমরা আদতে কী করছি?”
প্রিয়াঙ্কা চোপড়াকে সর্বশেষ সেখা গিয়েছিল “ম্যাট্রিক্স রিসারেকশন” চলচ্চিত্রে। সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমায় প্রিয়াঙ্কার সহশিল্পী ছিলেন জন উইক খ্যাত কিনু রিভস। সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে “সিটাডেল” নামক ওয়েব সিরিজে। রুশো ব্রাদার্স প্রযোজিত এই প্রকল্পের মাধ্যমেই ওয়েব সিরিজের দুনিয়ায় প্রিয়াঙ্কার অভিষেক হবে। এছাড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গে জি লে জারা” নামের এক বলিউড সিনেমায়ও কাজ করবেন তিনি।



