Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

শুরু হলো সঙ্গীতশিল্পী আসিফের নতুন কর্মজীবন

নতুন এ পেশাগত কাজের মাধ্যমে দেশের জন্য এবং ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আছে বলেও দাবি করেন এ কণ্ঠশিল্পী

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৩:০০ পিএম

সঙ্গীতের ভুবনে আসিফ আকবরের পদচারণা দীর্ঘদিনের। এতদিন গানকেই নিজের ক্যারিয়ারের একমাত্র মাধ্যম হিসেবে মেনে আসছিলেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। তবে এবার বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফের পেশাগত জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। প্রথমবারের মতো চাকরিতে যোগ দিয়েছেন তিনি।

রবিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে চাকরিতে যোগদানের বিষয়টি আসিফ নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মার্চের এক তারিখ থেকেই আমার চাকরি জীবন শুরু হয়েছে। জীবনে প্রথম কোনো চাকরিতে যোগদান করলাম। আজ থেকে আমি আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করতে যাচ্ছি।”

আসিফ আরও বলেন, “চাকরির অফার এবং ধরন- দুটোই আমার পছন্দ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে আরও একটি নতুন পালক যুক্ত হলো। আমি বেশ আনন্দ নিয়েই কাজে যোগদান করেছি। এই চাকরির মাধ্যমে দেশের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করার সুযোগ আমার আছে।”

আসিফের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তিনি ভার্সাটিলো গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের “হ্যালো সুপারস্টারস” (অ্যাপ) বাংলাদেশের প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দায়িত্বও পালন করবেন এ কণ্ঠশিল্পী।

পোস্টের শেষে কর্মজীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে আসিফ বলেন, “আমার জন্য দোয়া করবেন সবসময়ের মত। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন।”


   

About

Popular Links

x