অক্ষয় কুমারের সাম্প্রতিক সময়টা তেমন ভালো যাচ্ছে না। জনপ্রিয় এই বলিউড অভিনেতার সর্বশেষ কয়েকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই ব্যর্থতার বৃত্ত থেকে অক্ষয়ের ফিরে আসার টিকেট হতে পারতো তার পরবর্তী সিনেমা “ও মাই গড ২” (ওএমজি ২)। কিন্তু সফলতার রাস্তায় প্রত্যাবর্তনের আগেই হোঁচট খেলেন অক্ষয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্থগিতাদেশের মাধ্যমে আপাতত “ও মাই গড ২” সিনেমাটির মুক্তি আটকে দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। সিনেমার সংলাপ কিংবা দৃশ্য যেন কোনো সমস্যা তৈরি না করে, সেজন্যই সেন্সর বোর্ডের এ সিদ্ধান্ত।
মূলত গত মাসে মুক্তি পাওয়া “আদিপুরুষ” সিনেমার পরিণতি থেকে পাওয়া শিক্ষা নিয়েই বাড়তি সতর্কতার পথে হাঁটছে সেন্সর বোর্ড। হিন্দু পুরাণ রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তির পর থেকেই সংলাপ, পোশাক এবং হাস্যকর ভিএফএক্সের কারণে সমালোচনার মুখে পড়ে। এমনকি ধর্মানুভূতিতে আঘাত হানার অভিযোগেও সিনেমাটির বিরুদ্ধে বিক্ষিপ্ত প্রতিবাদ হয়েছে।
তীব্র সমালোচনার মুখে কিছু সংলাপ সংশোধনের পর পুনরায় সিনেমাটি মুক্তি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ক্রমাগত নেতিবাচক প্রতিক্রিয়ার পর “আদিপুরুষ” সিনেমার সংলাপ লেখার দায়িত্বে থাকা মনোজ মুনতাশির নিঃশর্ত ক্ষমা চান। সেই সঙ্গে আদিপুরুষ যে মানুষের ভাবানুভূতিতে আঘাত হেনেছে, সেটিও স্বীকার করে নেন তিনি।
“আদিপুরুষ” সিনেমার পরিণতির পর সেন্সর বোর্ড ফের এমন কোনোকিছুর পুনরাবৃত্তি দেখতে নারাজ। তাই সব দিক ভেবেচিন্তে, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ না করে “ও মাই গড ২” সিনেমাকে ছাড়পত্র দেওয়ার ঝুঁকি নিতে চাচ্ছে না সিবিএফসি। তাই মুক্তির চূড়ান্ত ছাড়পত্র দেওয়ার আগে সিনেমাটি সংশোধনী কমিটির কাছে পাঠিয়েছে সেন্সর বোর্ড।
“ও মাই গড ২” সিনেমায় অক্ষয় কুমারকে হিন্দু দেবতা শিবের চরিত্রে দেখা যাবে। মঙ্গলবার (১১ জুলাই) প্রকাশ্যে আসা সিনেমাটির টিজারে অক্ষয়ের সেই লুকও দেখা গেছে। হিন্দু দেব-দেবতাদের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সেন্সর বোর্ড এবার অতিরিক্ত সতর্ক। সে কারণেই তারা সিনেমাটির সংলাপ আর দৃশ্যগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারপর ছাড়পত্র দেবে।
“ও মাই গড ২” সিনেমাটি মূলত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত “ওএমজি- ও মাই গড” ছবির সিকুয়েল। ওই সিনেমায় অক্ষয় ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেন। সেখানে অক্ষয়ের পাশাপাশি দেখা গেছিল পরেশ রাওয়াল, মিঠুন চক্রবর্তীদের মতো অভিনেতাকেও। দর্শক জনপ্রিয়তার পাওয়ার পাশাপাশি সিনেমাটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখে।
দীর্ঘ ১১ বছর পর “ওএমজি- ও মাই গড” ছবির সিকুয়েল “ও মাই গড ২” নির্মাণ করছেন অমিত রাই। অক্ষয় ছাড়াও এতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম, অরুণ গোভিল প্রমুখ। সিনেমাটি আগামী ১১ আগস্ট মুক্তির কথা রয়েছে। তবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না পেলে ওইদিন সিনেমাটি মুক্তি পাবে না।



