Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফারহান: ‘ডন’ হিসেবে পর্দায় আসতে রণবীর নিজেও নার্ভাস

রণবীর সিংকে ‘ডন’ হিসেবে মেনে নিতে পারছেন না অনেক দর্শক

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৪:১২ পিএম

জনপ্রিয় সিনেমার সিকুয়েল নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। সেই হিসেবে “ডন” ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়েও ছিল তীব্র প্রতীক্ষা। দীর্ঘ এক যুগ পর এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তি “ডন ৩” নির্মাণের ঘোষণা এসেছে।

আগের দুই কিস্তিতে পর্দায় ডনের ভূমিকায় ছিলেন শাহরুখ খান। এবার আর তাকে দেখা যাবে না। “ডন” হিসেবে বলিউড বাদশাহর রেখে যাওয়া জুতোয় পা গলাচ্ছেন রণবীর সিং। গত সপ্তাহে “ডন ৩” সিনেমার অ্যানাউন্সমেন্ট ভিডিওতেও তাকে “ডন” হিসেবে দেখা গিয়েছে।

কিন্তু দর্শকদের অনেকেই শাহরুখের জায়গায় রণবীরকে “ডন” হিসেবে মেনে নিতে পারছেন না। অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই “ডন ৩” সিনেমায় নাম ভূমিকায় রণবীর সিংকে নেওয়ার সমালোচনা করেছেন।

শুরুতে নীরব থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন “ডন ৩” সিনেমার পরিচালক ফারহান আখতার। তিনি বলেন, “পর্দায় ডন হিসেবে হাজির হওয়া নিয়ে রণবীর সিং নিজেও নার্ভাস।” তবে এই অভিনেতা ডনের ভূমিকায় দারুণ কিছু করবেন বলেই বিশ্বাস ফারহানের।

 

বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান আখতার বলেন, “রণবীর দারুণ একজন অভিনেতা। এই চরিত্রের (ডন) জন্য সে উপযুক্ত। তবে আপনারা যেমনটা ভাবছেন, সে নিজেও স্বভাবতই খুব উচ্ছ্বসিত এবং নার্ভাস।”

শাহরুখের আগে সত্তরের দশকে ডন হিসেবে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া “ডন” সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন বিগ বি। চিত্রনাট্য ও ক্লাইম্যাক্সে পরিবর্তন এনে ২০০৬ সালে শাহরুখকে নিয়ে একই নামে সিনেমা নির্মাণ করেছিলেন ফারহান। তখনকার সময় শাহরুখকে নিয়েও একই রকম সমালোচনা হয়েছিল বলে জানান এই পরিচালক।

ফারহান আখতার বলেন, “ব্যাপারটা হলো আপনি আরেকজনের রেখে যাওয়া জুতোয় পা গলাচ্ছেন। এখনকার মতো শাহরুখের ‘ডন’ করার সময়ও আমরা একই রকম আবেগপ্রবণ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম। মানুষ বলেছিল, ‘ও মাই গড! আপনি কীভাবে অমিতাভ বচ্চনের জায়গা নিচ্ছেন!’”

ডন হিসেবে রণবীর সিংকে ভাবার কারণ হিসেবে বলিউডের এই অভিনেতা-নির্মাতা বলেন, “তার (রণবীর) মধ্যে এই চরিত্রটিকে নিজের ভেতর ধারণ করা এবং নিজস্ব ভঙ্গিতে উপস্থাপন করার ক্ষমতা আছে। আশা করছি সে দুর্দান্ত কাজ করবে। আমার ধারণা, নিজের কল্পনা করা গল্পটাকে পর্দায় তুলে আনার দায়িত্ব এখন আমারই বেশি।”

“ডন ৩” নির্মাণের ঘোষণা এলেও ২০২৫ সালের আগে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানান ফারহান। ডনের ভুমিকায় রণবীর থাকলেও অন্যান্য চরিত্রে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত না। তবে যারাই থাকুক না কেন, ডন ফ্র্যাঞ্চাইজিটিকে ফারহান নিজের মতো করেই এগিয়ে নিতে চাইছেন।

   

About

Popular Links

x