যেকোনো দেশের রাষ্ট্রপতি সিনেমা দেখতে চাইলে সাধরণত তার বাসভবনেই বিশেষ প্রদর্শনী করা হয়। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম ঘটনা ঘটালেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনে বসে নয়, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখলেন পরিবারের সদস্যদের নিয়ে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে স্ত্রী-সন্তানসহ হাজির হন রাষ্ট্রপতি। উপভোগ করেন গত ঈদ-উল-আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা “প্রিয়তমা”।
শুক্রবার এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে শো’টি মাহামান্যর জন্য সংরক্ষিত ছিল। ফলে আমন্ত্রিতদের বাইরে সাধারণ দর্শক এই শো দেখার সুযোগ পায়নি।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী, চিত্রনায়ক শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান, পরিচালক হিমেল আশরাফ, সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমা সংশ্লিষ্ট আরও অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার রাতে একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান। যেখানে প্রেক্ষাগৃহে সিনেমা দেখার পরে অভিনেতাকে জড়িয়ে ধরতে দেখা দেখা যায় রাষ্ট্রপতিকে।
এদিকে শুক্রবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ রাষ্ট্রপতি ও তার স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন।
সেখানে তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, “এক জীবনে আমার আর কি চাওয়ার থাকতে পারে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার সিনেমা উপভোগ করছেন, তার পাশে বসে আমি আমার সিনেমা দেখছি, বড় পর্দায় এত গণ্যমান্য মানুষের সাথে আমার নাম দেখছি, এক জীবনে পরিচালক হিসেবে আর কি চাইতে পারি!”
হিমেল আশরাফ আরও লিখেছেন, “ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, ধন্যবাদ শাকিব খান ভাইয়া, ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ ‘প্রিয়তমা’ টিম। বিশেষ করে ধন্যবাদ সাধারণ দর্শক। অনেকেই বলবেন রাষ্ট্রপ্রতির ছেলের সিনেমা তাই তিনি দেখেছেন। কথাটা কিছুটা সত্য হলেও আসল কারন সাধারন দর্শক। দেশে এবং বিদেশে বাংলাদেশি সাধারণ মানুষের প্রচণ্ড ভালোবাসাই আসলে তাদের উদ্বুদ্ধ করেছে সিনেমাটি উপভোগ করতে। সাধারণ দর্শক, যারা প্রিয়তমা দেখেছেন, ভালোবেসেছেন আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। বিশ্বাস করেন, শুধুমাত্র আপনারাই আমার খুব সাধারণ জীবনটা অসাধারণ করে দিয়েছেন “
প্রসঙ্গত, “প্রিয়তমা” ছবিটি প্রযোজনা করেছেন রাষ্ট্রপতির একমাত্র ছেলে আরশাদ আদনান। ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত সিনেমাটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।



