Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অপূর্ব: বন্ধু নিশোকে আমিই নাটকে নিয়ে এসেছিলাম

ঢাকা ও কলকাতায় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘ওখানে (ঢাকা) আমাকে যতটা সম্মান দেওয়া হয়, এখানেও একই। ছবির অন্য তারকারা আমাকে বুঝতেই দেননি, আমি বাইরের কেউ’

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পিএম

ঢাকাই শোবিজের অন্যতম জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো। শোবিজে হাতেখড়ির আগে থেকেই তারা বেশ ভালো বন্ধু। মডেলিং থেকে শুরু করে নাটক, সব জায়গায় সাফল্য পেয়েছেন দুইজনই।

গত ২৯ জুন সিনেমা হলে মুক্তি পায় আফরান নিশো অভিনীত “সুড়ঙ্গ”। “চরকি” ও “আলফা আই স্টুডিওজ লিমিটেড”-এর যৌথ প্রযোজনায় রায়হান রাফির পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর।

জিয়াউল ফারুক অপূর্ব টলিউডে “চালচিত্র” নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন। সিনেমাটি প্রযোজনা করবে “ফ্রেন্ডস কমিউনিকেশনস”। “চালচিত্র” সিনেমায় অপূর্বের সঙ্গে থাকছেন রাইমা সেন, টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো টলিউডের জনপ্রিয় তারকারা। সিনেমার শুটিংয়ে অংশ নিতে বর্তমানে সিটি অব জয়ে অবস্থান করছেন অপূর্ব।

সেখানে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জিয়াউল ফারুক অপূর্ব। তাদের দুইজনের (অপূর্ব-নিশো) চেহারার মধ্যে কিছুটা সাদৃশ্য আছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে অপূর্ব বললেন, “নিশোকে এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছে। কারণ প্রচুর মানুষ ওকে অপূর্ব বলে ডাকতো। এটার জন্য তাকে বেশ ভুগতে হয়েছে। থ্যাঙ্ক গড যে, ও নিশো হয়ে উঠতে পেরেছে।”

নিশোকে নাটকের ভুবনে তিনিই নিয়ে এসেছিলেন জানিয়ে অপূর্ব কথার প্রসঙ্গে বলেন, “নিশোকে আমিই নিয়ে এসেছিলাম। আমরা অভিনেতা হওয়ার আগে থেকেই অনেক ভালো বন্ধু। আমি যখন নাটক শুরু করি, তখন গাজী রাকায়েত ভাইকে বলেছিলাম, ওকে (নিশো) নাটকে নেওয়ার জন্য। এরপর মাঝে অন্য কাজে ব্যস্ত ছিল নিশো, এখন আবার কাজ শুরু করেছে।”

ঢাকা ও কলকাতায় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অপূর্ব বলেন, “ওখানে (ঢাকা) আমাকে যতটা সম্মান দেওয়া হয়, এখানেও একই। ছবির অন্য তারকারা আমাকে বুঝতেই দেননি, আমি বাইরের কেউ। কলকাতায় কাজ করা বাড়িতে কাজ করার মতোই।”

   

About

Popular Links

x