বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের কাছে সাধারণ সম্পাদক পদে ১৬ ভোটের ব্যবধানে হেরেছেন অভিনেত্রী নিপুণ আক্তার। ১৬ ভোটের হারকে অবিশ্বাস্য বলে মনে করছেন এই চিত্রনায়িকা।
শনিবার (২০ এপ্রিল) সকালে ফল ঘোষণার পর ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুণ।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, “ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৬ ভোটে হারব- সেটা আমি চিন্তাও করিনি। আমি ভেবেছিলাম ডিপজল সাহেবের সঙ্গে আমি যখন দাঁড়াব, খুব বেশি হলে ৫০ ভোট পাব।”
নিপুণ বলেন, “আমার ২৬টা ভোট নষ্ট হয়েছে, ২০৯টি ভোট আমি পেয়েছি। যেখানে ডিপজল ভাই পেয়েছেন ২২৫টি ভোট। শিল্পী সমিতির ভাই-বোনেরা প্রমাণ করে দিয়েছেন যে তারা আমাকে ভালোবাসেন। আমাকে এত সম্মান দেওয়ার জন্যে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই।”
শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এ ফল ঘোষণা করেন।
এবার ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। বৈধ ব্যালট ৪৩৪টি। বাতিল হয়েছে ৪১টি ব্যালট।
২৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। সভাপতি পদে মাহমুদ কলি পান ১৭০ ভোট। মিশা সওদাগর এর আগেও দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন।
আর মনোয়ার হোসেন ডিপজল ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নিপুণ আক্তার ২০৯ ভোট পেয়ে এই পদে পরাজিত হয়েছেন।
এবার মোট প্রার্থীর তিনজন ছাড়া বাকি সবাই জিতেছেন মিশা-ডিপজল প্যানেল থেকে।
সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। রুবেল পেয়েছেন ২৩১ ভোট, ডি এ তায়েব ২৩৪ ভোট।
এছাড়া সহসাধারণ সম্পাদক আরমান ২৩৭, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ২৫৫, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো ২৯৬, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর ২৪৫, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ২৩৫ ও কোষাধ্যক্ষ পদে কমল ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ইমন কলি-নিপুণ পরিষদের।
কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। এর মধ্যে সুচরিতা ২২৮, রোজিনা ২৪৩, আলীরাজ ২৩৯, সুব্রত ২১৮, দিলারা ইয়াসমিন ২১৮, শাহনূর ২৪৫, নানা শাহ ২১০, রত্না কবির ২৬৩ ও চুন্নু ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ২২০ ও সনি রহমান ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। এর আগে, ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে ৯টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়।



মিশা-ডিপজলের কাছে হারলেন কলি-নিপুণ