Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘নতুন কোনো’ চ্যাম্পিয়নের জন্য শুভকামনা ব্রাজিল সমর্থক মিশার

  • মিশা মূলত কানাডাকেই শুভকামনা জানিয়েছেন
  • সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে কানাডা
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০১:১৪ পিএম

টাইব্রেকারে হারিয়ে ব্রাজিলকে কোপা আমেরিকা থেকে ছিটকে দিয়েছে উরুগুয়ে। বাংলাদেশ সময় রবিবার সকালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে কোপা আমেরিকার শেষ আট থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল।

পুরো ম্যাচে গোলের জন্য মাত্র ৭টি শট করতে পারে ব্রাজিল। এর মধ্যে তিনটি লক্ষ্যে থাকলেও উরুগুয়ে গোলরক্ষক সের্হিও রচেতের জন্য তেমন কঠিন ছিল না।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের এমন হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করছেন ব্রাজিল ভক্ত-সমর্থকরা। এই তালিকায় রয়েছেন ঢাকাই খলনায়ক ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

ম্যাচ হারার পরই ফেসবুকে ব্রাজিলের সমালোচনা করেন মিশা। পাশাপাশি টুর্নামেন্টে নতুন কোনো চ্যাম্পিয়নের জন্য আগাম শুভকামনাও জানিয়েছেন এই খলনায়ক।

এবার সেমিফাইনাল খেলতে যাওয়া চারটি দলের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ১৫ বার করে কোপা আমেরিকা ট্রফি জিতেছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। কলম্বিয়া জিতেছে একবার। আর কানাডা কোপা আমেরিকায় এবারই প্রথম অংশ নিয়েছে। সেই হিসেবে মিশা মূলত কানাডাকেই শুভকামনা জানিয়েছেন।

ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মিশা লিখেছেন, “আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আজকে ব্রাজিল যেভাবে খেললো, বা গোটা টুর্নামেন্ট যেই খেলা দিয়েছে, সেটা দিয়ে আর যাই হোক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না; যত ভালো প্লেয়ারই থাকুক না কেন। শুভকামনা নতুন কোনো চ্যাম্পিয়নের জন্য।”

আর্জেন্টিনা প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়েছে টাইব্রেকারে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডাও ভেনিজুয়েলার বিপক্ষে জয় পায় স্নায়ুচাপের যুদ্ধে। প্রথম সেমিফাইনালে এই দুই দলেরই দেখা হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে হার দিয়ে এবারের কোপা যাত্রা শুরু করেছিল কানাডা।

অন্যদিকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ফাইনালে ওঠার লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে।

   

About

Popular Links

x