Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে ভুল বুঝতে দেরি হয়ে গেল পরীর!

ভক্তদের প্রতি পরীমণির অনুরোধ, ‘আমার মতন এই ভুল কেউ করবেন না’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ পিএম

কাজের পাশাপাশি দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ছেলে পূণ্য ও মেয়ে প্রিয়ম ছাড়াও পুটু নামের একটি পোষ্যর সঙ্গে বাসায় দারুণ সময় কাটে এই নায়িকার। পুটু প্রায় ১০ বছর ধরে বেড়ে উঠেছে পরীমণির বাসায়।

সবসময় পরীর আশেপাশে থাকলেও ছেলে পূণ্যের জন্মের পর থেকেই পুটুর সঙ্গে একটি দুরত্ব তৈরি করেন এই অভিনেত্রী। যেটারই প্রভাব পড়েছে তার বর্তমান জীবনে।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি উল্লেখ করেছেন পরীমণি। একইসঙ্গে ভক্তদেরও সতর্ক করেছেন, নিজের ঘটনা তুলে ধরে।

পরী তার স্ট্যাটাসের শুরুতে লিখেছেন, “একটা ভুল করেছি। আমার এই পেট’র নাম পুটু। অনেকেই দেখে থাকবেন হয়তো। পুটু ১০ বছর ধরে আমার সাথে আছে! ছেলে হওয়ার আগে ও সবসময় আমার সাথে ঘেঁষে থাকতো। আমার কোলের মধ্যে ঘুমাতো। আমার ছেলে আসার পর থেকে পুটুকে সাথে নিয়ে ঘুমাই না। তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল।”

পুটুকে দূরে ঠেলে দিয়ে কষ্ট হচ্ছিল উল্লেখ করে অভিনেত্রী লেখেন, “প্রথমদিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিলো। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেলো। তারপর যখন আমর ছেলে হাঁটা শুরু করলো তখন ফ্লোরে ছেলের সাথে পুটুও দৌড়ে ওর কাছে আসতে চাইতো। আমি ভয় পেতাম। ভাবতাম, পুটু যদি কামড় দেয় বা ওর ডাকে ছেলে যদি ভয় পেয়ে যায়। সেই ভেবে পুটুকে ছেলের সামনেই ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম।”

এরপর নতুন এক সমস্যার সৃষ্টি হয় উল্লেখ করে পরীমণি লিখেছেন, “ইদানিং হঠাৎ আমি খেয়াল করলাম ছেলেও পুটুর সাথে দূর দূর করতে থাকে। পুটুকে দেখলেই বলে ‘এই পুটু যাও যাও’। আমি বুঝতে পারলাম এটা আমারই ভুল। বাচ্চা যা দেখবে তাই তো শিখবে! এরপর আমি লেগে পড়লাম ওদের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করার জন্য। ছেলের সামনে পুটুকে খাওয়ানো, গোসল করানো, আদর করা, কথা বলা, একসাথে ছেলেকে নিয়ে খেলা....আস্তে আস্তে ছেলে অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করল পুটুর সাথে। আমারও ভালো লাগলো।”

এরপরও নতুন বিপত্তি দেখা দিয়েছে উল্লেখ করে পরীমণি লিখেছেন, “কিন্তু আরও একটা বড় ভুল হয়ে গেল! যেটা আমাকে অনেক গিল্টিতে ফেলে দিলো। ছেলে সব খেলনা ছেড়ে এখন যখন পুটুর সাথে থাকতে চায়, পুটুর সাথেই খেলতে চায়, তখন দেখলাম পুটুর ভয়টা কাটেনি! আমি চেষ্টা করছি...হয়তো ওর ভয় কাটিয়ে উঠবে।”

নিজের ভুল যেন আর কেউ না করেন, সেটা উল্লেখ করে পরীমণি বলেন, “আমার মতো এই ভুল কেউ করবেন না আশাকরি। বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ। বুঝতে দেরি হয়ে গেলো আমার!”

   

About

Popular Links

x