শীঘ্রই আসতে চলেছে অক্ষয় কুমার, গোবিন্দা, পরেশ রাওয়াল-এর সিনেমা ভাগাম ভাগ এর পরবর্তী সিকুয়্যাল। অর্থাৎ ২০ বছর পর পর্দায় ফিরতে চলেছে “ভাগাম ভাগ-২”। জানা গেছে, অক্ষয় কুমার এই সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
২০০৬ সালে মুক্তি পেয়েছিল হাসির এই সিনেমাটি। সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, গোবিন্দা ও পরেশ রাওয়াল। ছিলেন রাজপাল যাদব, শক্তি কাপুর, জ্যাকি শ্রফের মতো বড় বড় অভিনেতারাও। আর সেই কমেডি সিনেমা বানানোর প্রস্তুতিই আবার শুরু হয়ে গিয়েছে। ছবির চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়ে গিয়েছে। এটা শেষ হলেই ‘‘ভাগাম ভাগ-২’’ পরিচালক কে হবেন, তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে।
এর আগে ভাগাম ভাগ সিনেমার প্রথম সিকুয়্যাল পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। কিছুদিন আগে প্রিয়দর্শনের সঙ্গে জুটি বেঁধে ভূত বাংলো ছবির কথা ঘোষণা করেছিলেন এই বলিউড অভিনেতা। আর তাই “ভাগাম ভাগ-২” তেও এই জুটিকে দেখা যাবে বলে আশায় বুক বাঁধছেন সিনেমা প্রেমীরা। ২০০৬ সালে “ভাগাম ভাগ” শুধুই বড় হিট নয় সিনেমাটি এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে মিমস তৈরি হচ্ছে। পুরো বিষয়টাই ছিল বেশ মজাদার। আর ২০ বছর পর সেই আইকনিক কমেডির সিকুয়্যালই আবার ফিরছে। জানা যাচ্ছে এই ছবির শ্যুটিং শেষ হবে ২০২৫-এর শেষের দিকে, আর মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালে।
উল্লেখ্য, নতুন বছরে অক্ষয় কুমারের একাধিক ফ্রাঞ্চাইজির ছবি মুক্তি পাওয়ার কথা। যার মধ্যে রয়েছে “হাউসফুল ৫”। ইতোমধ্যেই এই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয়।



