অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের সঙ্গে সায়রা বানুর বিবাহ-বিচ্ছেদ নিয়ে চর্চা সবকিছুর তুঙ্গে। দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবন ভেঙে গিয়েছে রহমান-সায়রার। একইসঙ্গে রহমানের টিমের সদস্য গিটারিস্ট মোহিনীর বিয়ে ভাঙায় রহমানের সঙ্গে তার প্রেমচর্চাও শুরু হয়। অবশেষে পুরো ঘটনায় মুখ খুললেন সায়রা বানু। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
সায়রা বানু সম্প্রতি এক বিবৃতি দিয়ে জানিয়েছেন গত কয়েক মাস ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি এই মুহূর্তে চেন্নাইতে নেই। তাই তিনি রহমান থেকে বিরতি নিতে চেয়েছিলেন। নিজের ভয়েস নোটে সায়রা বানু সকলকে সঙ্গীতশিল্পীর নাম কলঙ্কিত না করার আহ্বান জানিয়েছেন। তার কথায় এ আর রহমানকে “একজন রত্ন, বিশ্বের সেরা মানুষ” বলেও অভিহিত করেন তিনি।
তিনি বলেন, ‘‘আমি এখানে সায়রা রহমান। আমি এখন মুম্বাইতে আছি। গত কয়েক মাস ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। তাই আমি শুধু এআর থেকে বিরতি নিতে চেয়েছিলাম, কিন্তু আমি ইউটিউবারদের, দক্ষিণী সংবাদমাধ্যমকে অনুরোধ করব দয়া করে রহমানের নামে ভুল তথ্য ছড়াবেন না। উনি একজন রত্ন, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ।”
সায়রা আরও বলেন, “হ্যাঁ, আমার কিছু শারীরিক সমস্যার কারণে আমাকে চেন্নাই ছাড়তে হয়েছে। কারণ আমি জানতাম আমি যদি চেন্নাইতে না থাকি তবে আপনারা ভাববেন সায়রা কোথায়- আর আমি মুম্বাইয়ে এসেছি। এখানে আমার চিকিৎসা চলছে। আর চেন্নাইয়ে এ আরের ব্যস্ত শিডিউলের কারণে এটা সম্ভব হত না এবং আমি কাউকে বিরক্ত করতে চাইনি, না আমার সন্তান না রহমানকে।”
এ আর রহমানের প্রশংসা করে সায়রা বলেন, ‘‘উনি একজন আশ্চর্যজনক মানুষ। আমি অনুরোধ করব দয়া করে উনাকে উনার মতো থাকতে দিন। এই বিচ্ছেদের সঙ্গে অন্য কোনো কিছুই কোনো সম্পর্ক নেই। উনার কোনো দোষও নেই। আমি উনাকে আমার জীবন দিয়ে বিশ্বাস করি। আমি ওকে কতটা ভালোবাসি, সেটাই বড় কথা। তাই আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে উনার বিরুদ্ধে অযথা মিথ্যা অভিযোগ আনা বন্ধ করুন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। আমার আন্তরিক প্রার্থনা এই যে আমাদের একটু একা ছেড়ে দিন।”
উল্লেখ্য, সম্প্রতি তিন দশকের বিবাহিত জীবন থেকে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন রহমান ও সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ এক যৌথ বিবৃতির মাধ্যমে এই খবর জানান।



বিয়ে করতে সায়রাকে যে শর্ত দিয়েছিলেন এ আর রহমান
এ আর রহমান-সায়রা বানুর বিচ্ছেদের পর যা বললেন তিন সন্তান