অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৪২০’ সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ‘৮৪০’। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন ফারুকী। ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছিল জনপ্রিয় সিরিজ ‘৪২০’।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিরিজটি নিয়ে একটি রিলস প্রকাশ করেন ফারুকী। ঢাকার একটি রাজপথের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, খুব শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় এই সিরিজটি।
ক্যাপশনে উপদেষ্টা লিখেছেন, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’র ডাবল-আপ ‘৮৪০’।”
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে সিরিজটি নিয়ে আরও একটি পোস্ট দেন ফারুকী। সেখানে সিরিজটির বিহাইন্ড দ্যা সিন-এর অংশ তুলে ফারুকী লেখেন, “গত বছর ঠিক এই সময় আমরা শ্যুট করছিলাম ৮৪০-এর। সময়টা মনে রাখা জরুরি নানা কারণে। আজকে রাত সাতটায় ট্রেলার আসছে। সম্পূর্ণ দেশি মশলায় নির্মিত ৮৪০’র ট্রেলার! এক্সাইটেড!”
ফারুকী আরও লেখেন, “যেহেতু ট্রেলারের আগে শ্যুটিংয়ের ফুটেজ রিলিজ করতে পারছি না, সেই জন্য নওগাঁ-রাজশাহীতে কাটানো দিনগুলোতে শ্যুটিংয়ের ফাঁকে আমরা কি করতাম সেটার একটা ভিডিও শেয়ার করলাম।”
তবে ফারুকীর এই সিরিজটি কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ১৭ বছর আগে ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছিল টিভি সিরিজ ‘৪২০’। যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর এ সিরিজে অভিনয় করেই খ্যাতি লাভ করেন অভিনেতা মোশাররফ করিমসহ কয়েকজন তারকা।



